মজা করে ৩৩৩ তে ফোন করায় ২ ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা

১৬ এপ্রিল, ২০২০ ১৬:৪৮  
একজন ঠিকাদার, অপরজন ব্যবসায়ী। তারপরও মজা করে ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি ত্রাণ চেয়েছিলেন তারা। কল পেয়ে রাতেই প্রশাসনের লোকজন ত্রাণ নিয়ে হাজির হন ওই দুই ব্যক্তির বাড়িতে। পরে তারা জানান, ত্রাণের প্রয়োজন নেই। এম্নিতে ফোন দেওয়া হয়েছিলো। সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধোবারুহি গ্রামে এই ঘটনাটি ঘটে । এরা হলে একই গ্রামে পাশাপাশি বসবাস করা ধোবারুহি গ্রামের বাসিন্দা মো. হারুন অর রশিদ (৫৫) ও মো. আবুল বাশার (৩৮)। তাদের মধ্যে হারুন অর রশিদ ঠিকাদারি কাজ করেন। এমন মজা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা করেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু। দুর্যোগ ব্যবস্থাপনায় আইন ২০১২ এর ৩৮ ধারায় হারুন অর রশিদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের জেল এবং আবুল বাশারকে ৩ হাজার টাকা অনাদায়ে তিন দিনের জেল ঘোষণা করেন।